কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সময় গুগল ক্রোম খুললেই একই সাদা ব্যাকগ্রাউন্ড আর একই রকম হোম স্ক্রিন দেখতে দেখতে অনেকেরই বিরক্তি ধরে যায়। তবে চাইলে নিজের পছন্দের ছবি, রং কিংবা নকশা দিয়ে সাজিয়ে নেওয়া যায় ব্রাউজারটি। এর জন্য আলাদা কোনো অ্যাপ বা এক্সটেনশন ইনস্টল করার প্রয়োজন নেই, কারণ ক্রোমের মধ্যেই রয়েছে বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধা। প্রতিদিন কাজের প্রয়োজনে ব্রাউজার বহুবার খুলতে হয়; ফলে ব্রাউজারের চেহারায় নিজের পছন্দের ছোঁয়া থাকলে ব্যবহারেও নতুনত্ব আসতে পারে।

গুগল ক্রোমে কয়েকটি সহজ সেটিংস বদলেই নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড পাল্টানো, পছন্দের থিম ব্যবহার এবং প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি দেখার ব্যবস্থা করা যায়।

নিজের ছবি সেট করার নিয়ম

গুগল ক্রোমের নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি ব্যবহার করতে প্রথমে কম্পিউটারে ব্রাউজারটি খুলতে হবে। এরপর একটি নতুন ট্যাব চালু করতে হবে। নতুন ট্যাবের স্ক্রিনের নিচের ডান দিকে থাকা ‘কাস্টমাইজ ক্রোম’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘অ্যাপেয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘চেঞ্জ থিম’ নির্বাচন করতে হবে। নিজের কম্পিউটারে থাকা ছবি ব্যবহার করতে চাইলে ‘আপলোড অ্যান ইমেজ’ অপশনে ক্লিক করতে হবে। এরপর পছন্দের ছবিটি নির্বাচন করলেই সেটি ক্রোমের নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখা যাবে।

পছন্দের থিম বেছে নেওয়ার উপায়

নিজের ছবি ব্যবহার করতে না চাইলে ক্রোমের তৈরি বিভিন্ন থিম থেকেও পছন্দমতো একটি বেছে নেওয়া যায়। এখানে প্রকৃতি, স্থাপত্য, পৃথিবী, নকশা, ইলাস্ট্রেশন ও বিভিন্ন রঙের গ্রেডিয়েন্টসহ একাধিক বিভাগের থিম রয়েছে। এ জন্য ‘কাস্টমাইজ ক্রোম’-এ গিয়ে ‘চেঞ্জ থিম’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর পছন্দের বিভাগ থেকে একটি থিম নির্বাচন করলেই ব্রাউজারের নতুন ট্যাবের চেহারা বদলে যাবে।

প্রতিদিন বদলে যাবে ব্যাকগ্রাউন্ড

একই ছবি বা থিম প্রতিদিন দেখতে ভালো না লাগলে ক্রোমের দৈনিক থিম পরিবর্তনের সুবিধা ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে পছন্দের কোনো থিম কালেকশন নির্বাচন করতে হবে। এরপর সেখানে ‘রিফ্রেশ ডেইলি’ অপশনটি চালু করে দিতে হবে। এই সেটিংস চালু থাকলে নির্বাচিত কালেকশনের ছবি বা থিম প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ফলে প্রতিবার নতুন ট্যাব খুললে ব্রাউজারে নতুন ব্যাকগ্রাউন্ড দেখা যাবে।

ক্রোম খুললেই নতুন ট্যাব

ব্রাউজার চালু করার সঙ্গে সঙ্গেই নতুন ট্যাব দেখতে চাইলে সেটিও সেট করা যায়। এ জন্য ক্রোমের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘সেটিংস’-এ যেতে হবে। এরপর ‘অন স্টার্টআপ’ বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে ‘ওপেন দ্য নিউ ট্যাব পেজ’ নির্বাচন করতে হবে। এছাড়া ব্রাউজারের উপরে হোম বাটন রাখতে চাইলে ‘অ্যাপেয়ারেন্স’ বিভাগে গিয়ে ‘শো হোম বাটন’ অপশনটি চালু করতে হবে। চাইলে এই বাটনে ক্লিক করলে নতুন ট্যাব খুলবে, এমন ব্যবস্থাও করা যায়। আবার নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ঠিকানাও হোমপেজ হিসেবে সেট করা সম্ভব।

তবে মনে রাখতে হবে, এসব পরিবর্তন মূলত ক্রোমের নতুন ট্যাবের ব্যাকগ্রাউন্ড ও ব্রাউজার চালুর আচরণকে প্রভাবিত করে। এতে পুরো ব্রাউজারের সব ওয়েবপেজের চেহারা বদলে যায় না। তবু কয়েকটি সহজ সেটিংসেই প্রতিদিনের পরিচিত ব্রাউজারটিকে নিজের পছন্দমতো সাজিয়ে নেওয়া সম্ভব।

Source: জাগো নিউজ২৪