চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপোর স্মার্টফোন তৈরির প্রক্রিয়া বেশ জটিল নয়। তবে প্রতিষ্ঠানটি এক দেশেই ফোন উৎপাদন করে না। অপোর সব ফোনের নকশা ও প্রকৌশলগত উন্নয়নের কাজ হয় চীনে। অন্যদিকে, ফোনের চূড়ান্ত সংযোজন হয় ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কারখানায়। পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক বাজারের জন্য মিসর, বাংলাদেশ ও ব্রাজিলেও ফোন তৈরি করা হয়।
এর পেছনে রয়েছে ব্যবসায়িক কৌশল। অনেক দেশে সম্পূর্ণ তৈরি ফোন আমদানির ওপর শুল্ক আরোপ করা হয়। উদাহরণ হিসেবে, ভারতে সম্পূর্ণ তৈরি ফোন আমদানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হয়। এ শুল্ক এড়াতে অপো অসম্পূর্ণ অবস্থায় ফোনের যন্ত্রাংশ কারখানায় পাঠায়; পরে সেসব দেশে ফোন সংযোজন করা হয়।
ফোনের বিভিন্ন যন্ত্রাংশ অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করে অপো। যেমন, কোয়ালকমের চিপ আসে তাইওয়ান থেকে। আবার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মতো ফোনের ক্যামেরা সেন্সর তৈরি করে জাপানের সনি। অন্যদিকে, ফোনের ডিসপ্লের বেশির ভাগ আসে চীন ও দক্ষিণ কোরিয়ার নির্মাতাদের কাছ থেকে।
বিকেন্দ্রীভূত উৎপাদনের সূচনা
২০১৮ সালে অপো এই বিকেন্দ্রীভূত উৎপাদন কৌশল শুরু করে। সে সময় অন্যান্য চীনা প্রতিষ্ঠান এবং স্যামসাংয়ের মতো এশিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও বিভিন্ন দেশের কারখানার সঙ্গে উৎপাদন কার্যক্রম শুরু করে। এসব অংশীদারত্বের পর সংশ্লিষ্ট অঞ্চলে অপোর ফোন সরবরাহের পরিমাণ ৫ কোটি ইউনিট ছাড়িয়ে যায়। ২০২১ সালে ভারতে গ্রেটার নয়ডায় নিজেদের বড় কারখানার সম্প্রসারণের পর অপো প্রতি তিন সেকেন্ডে একটি নতুন ফোন সংযোজন করতে সক্ষম হয়।
দেশভিত্তিক উৎপাদন কৌশল
কোন দেশে অপোর কোন ধরনের ফোন তৈরি হয়? চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার তথ্য অনুযায়ী, উৎপাদন কৌশলের ভিত্তিতে বিভিন্ন দেশকে আলাদা স্তরে ভাগ করেছে অপো। পাকিস্তান ও ইন্দোনেশিয়ায় মূলত কম দামের বাজারের জন্য ফোন তৈরি হয়। অন্যদিকে, ভারতে মাঝারি দামের ফোন বেশি পরিমাণে উৎপাদন করা হয়। আর ফাইন্ড এক্স সিরিজের মতো দামি ও উন্নত প্রযুক্তির ফ্ল্যাগশিপ ফোন তৈরি হতো চীনে। তবে ২০২৪ সালে এই কৌশলে পরিবর্তন আনে অপো।
ইন্দোনেশিয়ার সরকার স্মার্টফোন নির্মাতাদের জন্য একটি শর্ত রেখেছে। দেশটিতে বিক্রি হওয়া ফোনের অন্তত ৩৫ শতাংশ যন্ত্রাংশ স্থানীয় অংশীদারদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। এই শর্ত পূরণে অপো ইন্দোনেশিয়া থেকেই ৩৬ থেকে ৩৭ শতাংশ যন্ত্রাংশ সংগ্রহ শুরু করে। ফলে দেশটির স্থানীয় যন্ত্রাংশ ব্যবহারের নীতিমালার নির্ধারিত সীমাও ছাড়িয়ে যায় প্রতিষ্ঠানটি। এরপর ইন্দোনেশিয়ার বাজারের জন্য নিজেদের কারখানায় উন্নত প্রযুক্তির ফ্ল্যাগশিপ ফোনও তৈরি শুরু করে অপো। আগে সেখানে মূলত কম দামের ফোন তৈরি হতো।
তুরস্কের কারখানা ও অংশীদারত্ব
তুরস্কের ইস্তাম্বুলে অপোর একটি কারখানা ছিল, যা এখন আর প্রতিষ্ঠানটির সরাসরি নিয়ন্ত্রণে নেই। কারখানাটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে এজিএম এ.এস.। তবে পুরোপুরি উৎপাদন বন্ধ না করে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে এজিএম এখনও অপোর প্রযুক্তি ব্যবহার করে ফোন তৈরি করছে। পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ইস্টার্ন হেরাল্ড ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এজিএম শুধু অপোর ফোন তৈরির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না; অন্যান্য বাজারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
বাংলাদেশ, ব্রাজিল ও মিসরে উৎপাদন
বাংলাদেশ, ব্রাজিল ও মিসরেও একই ধরনের উৎপাদনব্যবস্থা এজিএমের মতো অন্য দেশেও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ফোন তৈরি করছে অপো। যেমন, বাংলাদেশের কারখানায় স্থানীয় বাজারের জন্য অপোর ফোন তৈরি করছে বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ১০ লাখ ফোন তৈরি করা। পাশাপাশি কারখানাটিকে ভবিষ্যতে রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছিল।
ব্রাজিলের বাজারে প্রবেশের জন্য ২০২২ সাল পর্যন্ত চীন থেকে ফোন আমদানি করত অপো। তবে ২০২৪ সালে দেশটির প্রতিষ্ঠান দ্য মাল্টি গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করে তারা। এর ফলে একই জায়গায় ফোনের যন্ত্রাংশ সংযোজন ও বাজারজাত করার সুযোগ তৈরি হয়। ২০২৫ সালে মিসরেও একটি কারখানা চালু করে অপো। এ জন্য প্রতিষ্ঠানটি ৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করে। কর্মীর সংখ্যার দিক থেকে এটি অপোর বড় কারখানাগুলোর একটি। সেখানে প্রায় ২ হাজার কর্মী কাজ করেন। উৎপাদন লাইন আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মিসর সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কারখানাটি পরিচালিত হচ্ছে। দেশটির সরকার আরও বেশি আন্তর্জাতিক নির্মাতা প্রতিষ্ঠানকে সেখানে উৎপাদন কার্যক্রম চালু করতে উৎসাহিত করছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সাল থেকে কারখানাটিতে বছরে প্রায় ৫০ লাখ ফোন তৈরি হবে।
সূত্র: বিজিআর এমএআরএল
Source: জাগো নিউজ২৪






