স্মার্টফোন দ্রুত চার্জ করার জন্য অনেকেই চার্জারে সংযোগ দেওয়ার আগে ফ্লাইট মোড বা এরোপ্লেন মোড চালু করে নেন। দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে, এই মোডে ফোন রাখলে ব্যাটারি তুলনামূলক দ্রুত চার্জ হয়। কিন্তু সত্যিই কি এতে চার্জ দেওয়ার সময় অনেকটা কমে যায়? নাকি বিষয়টি শুধু প্রচলিত ধারণা?
আসলে ফ্লাইট মোড চালু রেখে ফোন চার্জ দিলে কিছুটা সময় বাঁচতে পারে। তবে পার্থক্য এত বেশি নয় যে ফোন অর্ধেক সময়ে চার্জ হয়ে যাবে।
ফ্লাইট মোড চালু করলে চার্জ দ্রুত হয় কেন?
সাধারণ অবস্থায় স্মার্টফোনকে সব সময় মোবাইল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকতে হয়। পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ এবং বিভিন্ন অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রমও ব্যাটারি থেকে বিদ্যুৎ ব্যবহার করে। বিশেষ করে যেখানে মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল, সেখানে ফোন বারবার টাওয়ারের সিগন্যাল খোঁজে। এতে স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি খরচ হতে পারে।
ফ্লাইট মোড চালু করলে ফোনের মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক ফোনে একই সঙ্গে ওয়াই-ফাই ও ব্লুটুথও বন্ধ হয়ে যায়। যদিও প্রয়োজন হলে পরে এগুলো আলাদাভাবে চালু করা সম্ভব। ফলে ফোনের বিদ্যুৎ খরচ কমে আসে। চার্জারের মাধ্যমে পাওয়া বিদ্যুতের কম অংশ ফোনের অন্যান্য কাজে ব্যয় হওয়ায় তুলনামূলক বেশি শক্তি ব্যাটারিতে জমা হতে পারে।
কতটা কমে চার্জ দেওয়ার সময়?
ফ্লাইট মোডে চার্জ দিলে কিছুটা সময় সাশ্রয় হলেও সেই পার্থক্য খুব বেশি নয়। বিভিন্ন পরীক্ষার উল্লেখ অনুযায়ী, সাধারণ মোডের তুলনায় এই পদ্ধতিতে ফোন পুরোপুরি চার্জ হতে প্রায় ৪ থেকে ১১ মিনিট কম সময় লাগতে পারে। তবে সব ফোনে একই ফল পাওয়া যাবে না।
স্মার্টফোনের মডেল, নেটওয়ার্কের সিগন্যালের অবস্থা, চার্জারের ক্ষমতা এবং চার্জ দেওয়ার সময় ফোন কীভাবে ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ের ওপর সময়ের পার্থক্য নির্ভর করে। আধুনিক ফাস্ট চার্জিং সুবিধার ফোনে এই ব্যবধান আরও কম হতে পারে।
কখন ফ্লাইট মোড কাজে আসতে পারে?
যেসব জায়গায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল, যেমন বেসমেন্ট বা ট্রেনের ভেতরে, সেখানে ফোন বারবার সিগন্যাল খোঁজার কারণে বাড়তি ব্যাটারি খরচ করতে পারে। এমন পরিস্থিতিতে ফ্লাইট মোড চালু রেখে চার্জ দিলে কিছুটা সুবিধা পাওয়া যেতে পারে।
এছাড়া পুরোনো চার্জার, পাওয়ার ব্যাংক কিংবা ল্যাপটপের ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করার সময়ও ফোনের অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো কাজে আসতে পারে। বাইরে যাওয়ার আগে অল্প সময়ে যতটা সম্ভব চার্জ প্রয়োজন হলেও এই পদ্ধতি ব্যবহার করা যায়।
তবে রয়েছে অসুবিধাও
ফ্লাইট মোড চালু থাকলে সাধারণত মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ফোন কল ও এসএমএস আসে না। ফলে জরুরি ফোন, ব্যাংকের ওটিপি কিংবা গুরুত্বপূর্ণ বার্তা মিস হওয়ার আশঙ্কা থাকে। ওয়াই-ফাই বন্ধ থাকলে হোয়াটসঅ্যাপের মতো ইন্টারনেটনির্ভর পরিষেবাও ব্যবহার করা যাবে না।
তাই প্রতিবার ফোন চার্জ দেওয়ার সময় ফ্লাইট মোড চালু রাখার প্রয়োজন নেই। বিশেষ পরিস্থিতিতে কয়েক মিনিট সময় বাঁচাতে এটি ব্যবহার করা যেতে পারে। তবে দ্রুত চার্জ হওয়ার ক্ষেত্রে ফোনের চার্জিং প্রযুক্তি, উপযুক্ত চার্জার এবং চার্জ দেওয়ার সময় ফোনের ব্যবহারও গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: জাগো নিউজ টেকনোলজি
Source: জাগো নিউজ২৪






