জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিলাসবহুল প্রমোদতরী ‘ভিলা ভি ওডিসি’র বিশ্বভ্রমণ স্থগিত করা হয়েছে। এতে তরীটিতে থাকা প্রায় ২০০ যাত্রী কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে আটকা পড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, যাত্রীদের জাহাজ থেকে নামানো এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে বিশ্ব পরিভ্রমণে যাত্রা শুরু করে জাহাজটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) যাত্রা স্থগিতের ঘোষণা দেওয়ার আগে এটি ৭৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে কাটিয়েছে।

চলতি বছরের শুরুতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজটির পরিচালন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এশিয়ার কিছু এলাকায় প্রতি কেবিনের মাসিক জ্বালানি খরচ ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলারে পৌঁছেছে।

ব্যয় কমাতে জাহাজের গতি কমানো ও বন্দরে অবস্থানের সময় বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে তাতেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। আগামী ৬০ দিন পুনর্গঠন এবং নতুন মূলধন সংগ্রহের কাজে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। তবে এই উদ্যোগের ফলাফল নিশ্চিত নয়।

জাহাজটির মেরামতের কারণে এর আগেও যাত্রা বিলম্বিত হয়েছিল। এতে যাত্রীদের মাসের পর মাস বেলফাস্টে অপেক্ষা করতে হয় এবং কোম্পানির কয়েক মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়।

জাহাজের যাত্রী হলি হেনেসি বলেন, কম্বোডিয়ায় আটকে পড়া তার পরিকল্পনায় ছিল না। তিনি জানান, যাত্রীরা এখন বিভিন্ন হোটেলে অবস্থান করছেন এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা করছেন।

জ্বালানির দাম বাড়ার কারণে যাত্রীদের আগেই অতিরিক্ত সারচার্জ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছিল। পাশাপাশি তাদের ভ্রমণসূচিও ব্যাপকভাবে সংক্ষিপ্ত করা হয়। এতে কয়েকজন যাত্রী জাহাজ ছেড়ে স্থলপথে ভ্রমণের সিদ্ধান্ত নেন। তবে হেনেসির মতো কেউ কেউ জাহাজটির আবার যাত্রা শুরুর আশায় কম্বোডিয়ায় রয়েছেন।

প্রায় ২০০ মিটার দীর্ঘ ভিলা ভি ওডিসিতে একাধিক বার ও রেস্তোরাঁ, সুইমিং পুলের ডেক ও পিকেলবল কোর্ট রয়েছে। জাহাজটির কেবিন স্থায়ীভাবে কিনতে ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার লাগে। মাসিক ভাড়াও শুরু প্রায় ৩ হাজার ৫০০ ডলার থেকে।

২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক দিন পর ভিলা ভি রেসিডেন্সেস চার বছর মেয়াদি ‘স্কিপ ফরোয়ার্ড’ প্যাকেজ ঘোষণা করে। তখন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, নির্বাচনের ফলাফলে দেশ ছাড়তে চাওয়া ব্যক্তিদের জন্য এটি আকর্ষণীয় ব্যবস্থা।

সূত্র: বিবিসি

Source: জাগো নিউজ২৪