চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে চট্টগ্রাম-দোহাজারী রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Source: জাগো নিউজ২৪






