গাজীপুরের নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন গার্মেন্টসকর্মীর সঙ্গে ভাড়া থাকতেন।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টসকর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।

শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪