বরিশালে কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের একটি জাহাজের ধাক্কায় খাদ্যগুদামের ৩০০ টন গমবোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে নগরীর কীর্তনখোলার ডিসি ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোস্টগার্ডের ‘স্বাধীন বাংলা’ জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ওই জাহাজের ধাক্কায় কীর্তনখোলা নদীর তীরে ডিসি ঘাটসংলগ্ন পাঁচটি স্পিডবোট ডুবে যায়। এরপর জাহাজটি বিআইডব্লিউটিএর একটি জাহাজকে ধাক্কা দেয় এবং অপর পাশে নোঙর করা অবস্থায় খাদ্যগুদামের গমবোঝাই ‘ডিবি পাপিয়া’ নামের জাহাজটিকেও ধাক্কা দেয়। এতে জাহাজের নিচের অংশ ফেটে যায় এবং গমবোঝাই জাহাজটি পানিতে তলিয়ে যেতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর কোস্টগার্ডের জাহাজটি দ্রুত বরিশাল থেকে চলে যায়। ক্ষতিগ্রস্ত জাহাজের লোকজন তাৎক্ষণিকভাবে ডাকচিৎকার শুরু করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্ষতিগ্রস্ত জাহাজটি টেনে তীরে এনে গম খালাস করেন।
খাদ্যগুদামের বরিশাল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, জাহাজে প্রায় এক কোটি টাকার গম রয়েছে, যা খুলনা থেকে এসেছে। দুর্ঘটনার পর জাহাজ থেকে গমের বস্তাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনার পরপরই জাহাজে পানি ওঠায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।
খবর পেয়ে দুপুরে বরিশালের সব স্তরের প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী দ্রুততম সময়ে স্থানান্তরের কাজ চলছে।
Source: জাগো নিউজ২৪






