নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে চুরি যাওয়া ৪০ কেজি ওজনের ঘণ্টাটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে চুরির দুই দিন পর শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশে একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লী থেকে ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ধর্মপল্লীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি।
ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো একসময় ঘণ্টাটি চুরি হয়। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি যথাস্থানে না পেয়ে তাঁরা চুরির বিষয়টি বুঝতে পারেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় মামলা গ্রহণ করেছে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা বাড়ানো হয়।
ওসি আরও জানান, পুলিশের তৎপরতার কারণে চোরচক্র ঘণ্টাটি দূরে সরিয়ে নিতে পারেনি। চুরির স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে রাখা অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
শতবর্ষী এই খ্রিষ্টীয় ধর্মপল্লীর ঐতিহ্যবাহী ঘণ্টাটি ফিরে পাওয়ায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Source: জাগো নিউজ২৪






