পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের বাবা ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১ নভেম্বর) আলাদা শোকবার্তায় দুই প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মো. নূরুল আলম তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষাবিদ হিসেবে তাঁর অবদান অপরিসীম।

অন্যদিকে শামা ওবায়েদ ইসলাম বলেন, মো. নূরুল আলম কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত আছেন।

মো. নূরুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ছিলেন। বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার (৩১ অক্টোবর) তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Source: জাগো নিউজ২৪