পোশাক শ্রমিকদের আন্দোলনে মুখোশধারী কিছু ব্যক্তি অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আন্দোলনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সাধারণ শ্রমিক কিংবা শ্রমিকনেতাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি; বরং ওই ফুটেজে কিছু মুখোশধারীকে শ্রমিকদের আন্দোলনে ঢুকে পড়তে দেখা গেছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, সাম্প্রতিক সময়ে সড়কে সহিংস আন্দোলন করা ব্যক্তিদের সঙ্গে শ্রমিক ও শ্রমিকনেতাদের কোনো সংশ্লিষ্টতা নেই। গত কয়েক দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কিছু মুখোশধারী ব্যক্তির উপস্থিতি দেখা গেছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিদের কর্মকাণ্ডে শ্রমিকদের ক্ষতি ও স্বার্থহানির আশঙ্কা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা এ নির্দেশনা দেওয়া হয়েছে যে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই যেন শ্রমিকদের সড়ক থেকে সরানো হয় বলে জানান মন্ত্রী।

আন্দোলনের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন ঘটনায় গ্রেফতার হওয়া শ্রমিকনেতা ও শ্রমিকদের আইনিভাবে মুক্তির বিষয়টি সরকার দেখবে। আন্দোলন ও সংঘর্ষে আহত ব্যক্তিদের বিষয়েও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড দ্রুত কাজ শুরু করবে বলে জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়া এবং সড়ক ও মহাসড়কে অস্থিরতা না করার আহ্বান জানান মন্ত্রী।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪