স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
গত ১ নভেম্বর জারি করা ওই প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের ‘সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী’ পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী এই পদে বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
যোগদানের সময়সীমা ও শর্ত
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১০ নভেম্বর সকালে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে যোগদান করতে হবে। ঢাকার আগারগাঁওয়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্ধারিত কক্ষে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল হবে।
নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ যাচাই।
নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে তাঁদের কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে।
এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চারটি বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও রয়েছে। এ জন্য নির্ধারিত অঙ্গীকারনামা বা বন্ড সম্পাদন করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসরণ করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে নিয়োগপ্রাপ্ত ১৮১ জনের নাম, নিবন্ধন নম্বর, জন্মতারিখ ও নিজ জেলার তালিকাও সংযুক্ত করা হয়েছে।
Source: জাগো নিউজ২৪






