চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। নিহত মাইশা মুশফিরাত (২১) বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের আরও দুই ছাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
হাসপাতালে মৃত ঘোষণা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মাইশাকে বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনায় ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাইশা মুশফিরাত গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শোক ও ক্লাস স্থগিত
শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইআইইউসি কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত ছাত্রীর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
একই সঙ্গে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Source: জাগো নিউজ২৪






