ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আকস্মিক পরিদর্শনে গিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই পরিদর্শনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূইয়া ও সচিব সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিশনের বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আকতারুল ইসলাম জানান, পরিদর্শনকালে দুদক কর্মকর্তারা জরুরি বিভাগের সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন।

ওই সময় রোগী ও তাদের স্বজনরা জরুরি বিভাগে দালালের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকা, অবহেলা এবং নানা ধরনের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন বলে জানান তিনি।

আকতারুল ইসলাম আরও জানান, এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিব। পরিদর্শনকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আগামীতে সারাদেশে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিত করতে দুদকের অভিযান অব্যাহত থাকবে।

Source: জাগো নিউজ২৪