দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার আমির পদে নতুন মুখ এল। ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলার নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুর রব। এর আগে তিনি ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন।

জেলা আমিরের দায়িত্বে থাকা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ অসুস্থতাজনিত কারণে পদ ছাড়লে আব্দুর রব ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নেন। এবার দলীয় প্রক্রিয়ায় তিনি পূর্ণ মেয়াদের জন্য জেলা আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়। ওই বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে এসব আমির নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ ১৯৯১ সাল থেকে পিরোজপুর জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করছিলেন। টানা ৩৫ বছর দায়িত্বে থাকার পর অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়ান। এরপর মাওলানা আব্দুর রব ভারপ্রাপ্ত জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ৯ অক্টোবর পিরোজপুর শহরের টাউন স্কুল মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জেলা আমির নির্বাচনে ৬৭২ জন নারী ও পুরুষ রুকন গোপন ব্যালটে ভোট দেন। নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আইনজীবী মুয়াযযম হোসাইন হেলাল। ওই ভোটের ফলাফল ঘোষণার মধ্য দিয়েই মাওলানা আব্দুর রব জেলা আমির নির্বাচিত হন।

Source: জাগো নিউজ২৪