রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ক্যান্টনমেন্ট থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ঢুকে ভাঙচুর ও মারামারিতে জড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে তিনজন পারস্পরিক মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Source: জাগো নিউজ২৪