ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দিয়ে ২৮ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।
সংসদ সদস্যদের সমর্থনের হিসাবে আইজেনকোট এগিয়ে আছেন। প্রেসিডেন্টের কাছে ৬৭ জন সংসদ সদস্য তাঁর পক্ষে সুপারিশ করেছেন। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ পড়েছে ৪৬ জনের। সাত সদস্যের ইউনাইটেড তোরা জুডাইজম (ইউটিজে) কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেনি।
তবে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করা আর তার সরকারে যোগ দেওয়া এক বিষয় নয়। প্রথম ক্ষেত্রে আইজেনকোট এগিয়ে থাকলেও দ্বিতীয় ক্ষেত্রে তাঁকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।
সংখ্যাগরিষ্ঠতার হিসাব
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। নেতানিয়াহুবিরোধী আইজেনকোটের জোটে রয়েছে ৪৮টি আসন। এর মধ্যে তাঁর নিজের দল ইয়াশারের ২১টি, টুগেদারের ১২টি, ডেমোক্র্যাটসের আটটি এবং ইসরায়েল বেইতেনুর সাতটি আসন।
আরব নেতৃত্বাধীন দুটি দল—জয়েন্ট লিস্ট ও রা’আমের—মোট আসন ১৯টি। এই দুই দলের সমর্থন যোগ হলে আইজেনকোটের পক্ষে আসনসংখ্যা দাঁড়ায় ৬৭। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতা ছাড়া এসব দলের মধ্যে খুব বেশি বিষয়ে ঐকমত্য নেই। ফলে আগামী চার সপ্তাহের আলোচনায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।
সহজ পথ আর বাধা
সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো আরব দলগুলোর সমর্থন নেওয়া। জয়েন্ট লিস্টের ১১টি এবং রা’আমের আটটি আসন আইজেনকোটের জোটকে সহজেই ৬১ আসনের সীমা পার করে দিতে পারে। তবে এখানে বাধা আভিগদর লিবারম্যান। তাঁর ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু দীর্ঘদিন ধরেই আরব দলগুলোর সঙ্গে জোট করার বিরোধিতা করে আসছে। অথচ দলটি আইজেনকোটের সম্ভাব্য জোটের অংশ। তাহলে আরব সংসদ সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল সরকার মেনে নেবেন কি লিবারম্যান?
এর একটি সমঝোতামূলক পথ হতে পারে, আরব দলগুলো মন্ত্রিসভায় যোগ না দিয়ে বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে। আস্থা ভোট ও গুরুত্বপূর্ণ আইন পাসের সময় তারা সরকারের পক্ষে ভোট দিতে পারে। তবে এমন সরকার গঠনের উদ্যোগে নেতানিয়াহু ও ডানপন্থীরা জোরালো বিরোধিতা করতে পারেন। নেতানিয়াহু ইতিমধ্যে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল সরকারকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরে এ ধারণার সমালোচনা করেছেন। আলোচনা এগোলে এ বিরোধিতা আরও বাড়তে পারে।
উগ্র-অর্থোডক্সদের সমর্থন
আইজেনকোটের জন্য আরেকটি অপ্রত্যাশিত পথ হতে পারে উগ্র-অর্থোডক্স দলগুলোকে জোটে নেওয়া। সাত আসনের ইউনাইটেড তোরা জুডাইজম প্রেসিডেন্টের কাছে কোনো প্রার্থীর পক্ষে সুপারিশ না করায় দলটি এখন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে উগ্র-অর্থোডক্স পুরুষদের সামরিক নিয়োগের বিষয়ে ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিবারম্যান। এটি তাঁর অবস্থানে বড় পরিবর্তন হবে।
ইসরায়েলের রাজনীতিতে বাধ্যতামূলক সামরিক নিয়োগ দীর্ঘদিনের অন্যতম বড় বিভেদ। আইজেনকোট ও তাঁর মিত্ররা সবার জন্য সামরিক দায়িত্ব বাধ্যতামূলক করার পক্ষে প্রচার চালিয়েছেন। অন্যদিকে উগ্র-অর্থোডক্স দলগুলো ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।
তবে শুধু ইউনাইটেড তোরা জুডাইজমের সমর্থন পেলেই আইজেনকোটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে না। ছয় আসনের শাস দলও তাঁর পক্ষে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। দলটির ধর্মীয় নেতারা অনুমোদন দিলে তারা বাধা নাও দিতে পারে। ইউনাইটেড তোরা জুডাইজমের সাতটি এবং শাসের ছয়টি আসন যোগ হলে আইজেনকোটের জোটের আসনসংখ্যা ৬১ হবে। তবে শাস দলটি তাদের জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো প্রকাশ্যে নাকচ করেছে। ফলে বিষয়টি এখনো অনিশ্চিত।
নেতানিয়াহুর ফেরার সম্ভাবনা
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন এবং আইজেনকোটের শিবিরকে লিকুদ ও তাদের মিত্রদের সঙ্গে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। তবে নেতানিয়াহুর শর্ত হলো, তাঁর বর্তমান জোটসঙ্গীদের—যাদের মধ্যে উগ্র-ডানপন্থী ও উগ্র-অর্থোডক্স দলও রয়েছে—সরকারে রাখতে হবে। আইজেনকোটের এ প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা কম। তিনি বারবার বলেছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে তিনি যোগ দেবেন না। তাঁর যুক্তি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় যারা দেশের নেতৃত্বে ছিলেন, তাদের রাজনীতি থেকে সরে যাওয়া উচিত।
আরেকটি সম্ভাবনা হলো, নেতানিয়াহুকে বাদ দিয়ে লিকুদের সংসদ সদস্যদের নিয়ে সরকার গঠন করা। ইয়াশার ইঙ্গিত দিয়েছে, লিকুদ ও তাদের মিত্ররা উগ্রপন্থী শরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং আইজেনকোটের শর্ত মেনে নিলে তাঁর সরকারে যোগ দিতে পারে। তবে লিকুদ এমন সিদ্ধান্ত নেবে কি না, তা বড় প্রশ্ন। নেতানিয়াহুর জন্য এটি শুধু প্রধানমন্ত্রীর পদ হারানোর বিষয় নয়; এর ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ এবং লিকুদ পার্টির নেতৃত্ব নিয়েও বিরোধ তৈরি হতে পারে।
ব্যর্থ হলে কী হবে
২৮ দিনের সময়সীমা শেষ হলেই প্রক্রিয়া থেমে যাবে না। ইসরায়েলের সরকারসংক্রান্ত মৌলিক আইন অনুযায়ী, প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় দিতে পারেন। এরপরও আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে হারজগ অন্য কোনো সংসদ সদস্যকে দায়িত্ব দিতে পারেন। সে ক্ষেত্রে নেতানিয়াহুও আরেকবার সরকার গঠনের সুযোগ পেতে পারেন। সেই চেষ্টাও ব্যর্থ হলে ইসরায়েলে আবার নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতিতে ২০২৭ সালের শুরুর দিকে নতুন নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
আবার নির্বাচনের আশঙ্কা সরকার গঠনের আলোচনায় প্রভাব ফেলতে পারে। যেসব দল নতুন করে ভোটের মুখোমুখি হতে চায় না, তারা সামরিক নিয়োগ, বিচার বিভাগীয় সংস্কার এবং মন্ত্রিসভার পদ বণ্টনের মতো বিতর্কিত বিষয়ে ছাড় দিতে পারে।
আইজেনকোটের চার মূলনীতি
শুধু জোট গঠনের পরীক্ষা নয়, আইজেনকোট কীভাবে সরকার গঠনের চেষ্টা করেন, তার মধ্য দিয়ে বোঝা যাবে নেতানিয়াহুবিরোধী জোট সত্যিই দেশ পরিচালনায় সক্ষম কি না, নাকি তাদের ঐক্যের একমাত্র লক্ষ্য ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। আইজেনকোট তাঁর জোটের জন্য চারটি মূলনীতি তুলে ধরেছেন। এগুলো হলো—ইসরায়েলকে ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রের মূল্যবোধ অনুসরণ করা, সবার জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ চালু করা এবং হামাসের সামরিক ও শাসনক্ষমতা পরাজিত করা। আরব দল ও উগ্র-অর্থোডক্স সংসদ সদস্যদের সমর্থন পেতে গেলে এসব নীতির বাস্তব প্রয়োগ নিয়েই তাঁকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
নিরাপত্তা বিষয়ে আইজেনকোটের অভিজ্ঞতাও তাঁর রাজনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান। ২০২২ সালে রাজনীতিতে যোগ দেন তিনি। ৭ অক্টোবরের হামলার পর নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। পরে বিরোধী দলে ফিরে যান। যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকা এবং উগ্র-ডানপন্থীদের প্রভাব নিয়ে সমালোচনা আইজেনকোটের নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় ছিল।
আপাতত সরকার গঠনের দায়িত্ব, কাগজে-কলমে প্রয়োজনীয় সংখ্যার সমর্থন এবং রাজনৈতিক গতি—সবই আইজেনকোটের পক্ষে রয়েছে। তবে আগামী ২৮ দিনে তাঁকে সমঝোতা করতে হবে, বিভিন্ন দলের শর্ত ও আপত্তি সামলাতে হবে এবং কোন দল কার সঙ্গে সরকারে বসতে রাজি, তা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যেসব ৬৭ জন সংসদ সদস্য আইজেনকোটকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন, তারা সবাই কি শেষ পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করবেন? নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের অবসান ঘটতে পারে। আর আইজেনকোটের জন্য এটি হতে পারে আরও বড় রাজনৈতিক পরীক্ষার শুরু।
তথ্যসূত্র: এনডিটিভি, জাগো নিউজ ইন্টারন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






