গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি জানান, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল এবং শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের দাবিটি যৌক্তিক। সরকার সেই দাবি নিয়ে তাদের আন্দোলনের আগে থেকেই কাজ করছে। তিনি উল্লেখ করেন, তিনি আগে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং ওই মন্ত্রণালয়ের কমিটিতেও রয়েছেন, তাই বিষয়টি তিনি জানেন। সরকার শ্রমিকদের জীবনমান বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের মজুরি বাড়ানোর জন্য কাজ করছিল বলে জানান নুরুল হক নূর।

তিনি আরও বলেন, শ্রমিকরা দাবি জানিয়েছে এবং সরকার তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক আন্দোলন বন্ধ হয়ে গেছে, কারণ সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে।

এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনৈতিক শক্তির দেশে ফেরা ও রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে যারা পালিয়ে গেছে তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। তাদের দেশে ফিরে আসা কিংবা রাজনীতি করার কোনো সম্ভাবনা নেই।

নুরুল হক নূর বলেন, বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। তবে জনগণ সরকারের সঙ্গে থাকলে এসব অপশক্তি মোকাবিলা করা সম্ভব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আন্দোলনে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠলে সরকারি দল ও বিরোধীদলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি সম্মিলিতভাবে তা মোকাবিলা করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির অত্যাচার-নিষ্পেষণে দেশের মানুষ নির্যাতিত হয়েছে। অনেক মানুষ দেশে থাকতে পারেনি, ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারেনি। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না, এটি ছিল রাজনৈতিক দল, ছাত্র ও জনতার সম্মিলিত আন্দোলন।

Source: জাগো নিউজ২৪