জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে গ্রাহকের কাছ থেকে নেওয়া পুরো সাবস্ক্রিপশন ফি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চীনের অনলাইন ডেটিং বাজারে আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ‘লিয়াংপেই এআই’। গত জুলাইয়ে চালু হওয়া এই অ্যাপের বার্ষিক সাবস্ক্রিপশন ফি দুই হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। অ্যাপটির ঘোষণা অনুযায়ী, সাবস্ক্রিপশন নেওয়ার তিন বছরের মধ্যে কোনো ব্যবহারকারীর বিয়ে না হলে তাঁকে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
চীনের প্রচলিত ডেটিং অ্যাপগুলোর ব্যবসায়িক মডেল থেকেও বেশ আলাদা এই অ্যাপ। সাধারণত এসব অ্যাপে ব্যবহারকারীরা একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু লিয়াংপেই এআইয়ে একবারে কেবল একজন ব্যক্তির সঙ্গেই পরিচিত হওয়ার সুযোগ রাখা হয়েছে। কেউ একজন চলমান পরিচয় শেষ না করে নতুন কারও সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না।
নিবন্ধনে নাম-ছবি যাচাই
অ্যাপটিতে নিবন্ধনের সময় ব্যবহারকারীকে নিজের প্রকৃত নাম ও ছবি দিতে হয়। পাশাপাশি তিনি অবিবাহিত কি না, তা যাচাই করা হয়। অ্যাপটি চালুর প্রথম মাসেই যাচাইয়ের আওতায় ১৫০ জনের বেশি বিবাহিত ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে।
নতুন ব্যবহারকারীদের প্রথমে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলতে হয়। এই কথোপকথনের ভিত্তিতে ব্যবহারকারীর একটি বিস্তারিত প্রোফাইল তৈরি করা হয়, যেখানে তাঁর পারিবারিক পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা, আগ্রহ, ব্যক্তিত্ব, জীবনযাপন এবং জীবনসঙ্গী সম্পর্কে তাঁর প্রত্যাশার তথ্য থাকে। এরপর এসব তথ্য বিশ্লেষণ করে উপযুক্ত সঙ্গী খুঁজে দেয় অ্যাপটি।
‘অনলাইন হলুদ পাতা’ নয়
প্রচলিত ডেটিং অ্যাপগুলোকে ‘অনলাইন হলুদ পাতা’র মতো বলে মন্তব্য করেছেন লিয়াংপেই এআইয়ের প্রতিষ্ঠাতা জেং সিনসুন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেখানে মানুষের সাধারণ পরিচিতি পাওয়া যায়, কিন্তু উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়ার কঠিন কাজটি ব্যবহারকারীকেই করতে হয়। তাঁর মতে, তরুণদের জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড এখন অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ, অথচ প্রচলিত অ্যাপগুলো ব্যবহারকারীদের পছন্দ ও ব্যক্তিত্ব ঠিকভাবে বুঝতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করতেই তিনি এআই ব্যবহার করছেন।
এর আগে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআইয়ের তৈরি চ্যাটবট কিমির এআই সার্চ প্রযুক্তি উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন জেং। একটি সাক্ষাৎকার থেকে ম্যাচমেকিং বা ঘটকসেবার ধারণা পাওয়ার পর তিনি এআই ব্যবহার করে জীবনসঙ্গী খোঁজার উদ্যোগ নেন। গত বছর কিমি কে-টু প্রকাশের সময় তিনি চাকরি ছেড়ে নিজের উদ্যোগ শুরু করেন; এর জন্য কয়েক কোটি ইউয়ান মূল্যমানের শেয়ার অপশনের সম্ভাবনাও ছাড়তে হয়েছে তাঁকে।
জেং নিজেও একটি ডেটিং অ্যাপের মাধ্যমে স্ত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। দুজনই নিজেদের সম্পর্কে এক হাজার শব্দের বেশি লিখেছিলেন এবং মাত্র একদিনের কথোপকথনের পর দেখা করার সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, শুরুতেই একে অপরকে ভালোভাবে বোঝার কারণেই তাঁদের সম্পর্ক দ্রুত এগিয়েছিল।
টাকা ফেরতের প্রশ্ন
অ্যাপটির সবচেয়ে আলোচিত দিক টাকা ফেরতের নিশ্চয়তা। প্রতিষ্ঠাতা জেংয়ের ব্যাখ্যা, বিয়ে একটি স্বতন্ত্র আইনি অবস্থান। অনুমোদিত ও আইনসম্মত পদ্ধতিতে কারও বিয়ে হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব। তবে এ নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কোনো ব্যবহারকারী অ্যাপটি খুব কম ব্যবহার করলেও অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে তিনি টাকা ফেরত পাবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। জেংয়ের বক্তব্য, ব্যবহারকারীকে জীবনসঙ্গী খুঁজে দিতে না পারলে ম্যাচমেকিং সেবার মুনাফা করা উচিত নয়; অ্যাপটি কাজে না এলে তিনি টাকা ফেরত দিতে প্রস্তুত।
সম্পর্কের সমস্যায় ‘এআই স্ট্র্যাটেজিস্ট’
লিয়াংপেই এআইয়ে ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ নামে একটি বিশেষ সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীর প্রোফাইল ও কথোপকথনের তথ্য বিশ্লেষণ করে সম্পর্কের বিভিন্ন সমস্যা নিয়ে পরামর্শ দেয়। এক নারী ব্যবহারকারী তার সঙ্গে পরিচিত হওয়া একজন পুরুষের কাছ থেকে উত্তর পাওয়া বন্ধ হয়ে গেলে এই সুবিধার সাহায্য নেন। এআই তাকে জানায়, কেউ ব্যস্ত থাকলেও তিনদিনের মধ্যে নিজের অনুপস্থিতির কারণ জানানো উচিত। পরামর্শটি পাওয়ার পর ওই নারী চলমান পরিচয়টি শেষ করেন এবং পরে নিজের জন্য উপযুক্ত একজন সঙ্গী খুঁজে পান।
৩৫ হাজারের বেশি নিবন্ধিত ব্যবহারকারী
প্রতিবেদন অনুযায়ী, লিয়াংপেই এআইয়ে এরই মধ্যে ৩৫ হাজারের বেশি ব্যবহারকারী নিবন্ধন করেছেন। নিবন্ধিত ব্যবহারকারীদের মধ্যে অর্থ দিয়ে সেবা নেওয়ার হার প্রায় নয় শতাংশ। বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে দেড় কোটি ইউয়ান অর্থায়ন পেয়েছে প্রতিষ্ঠানটি, যা মার্কিন মুদ্রায় প্রায় ২২ লাখ ডলার। তবে অ্যাপটি নতুন হওয়ায় এর মাধ্যমে কতজনের সফল পরিচয় বা বিয়ে হয়েছে, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এআইয়ের মাধ্যমে উপযুক্ত সঙ্গী নির্বাচন সম্ভব হলে তা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং মানুষের প্রেম ও সম্পর্কের প্রতি আগ্রহও বাড়তে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, অ্যাপটির ‘এআই স্ট্র্যাটেজিস্ট’ সুবিধাটি বিবাহিত দম্পতিদের জন্যও চালু করা উচিত; সম্পর্কের টানাপোড়েনে নিরপেক্ষ পরামর্শক হিসেবে এটি কাজে আসতে পারে।
Source: জাগো নিউজ২৪






