ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকায় পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করা। বিলটি আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রতিবেদন দাখিলের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অঞ্চলের পরিবেশগত ও বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার কাজ করবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশেও ভূমিকা রাখবে এই কর্তৃপক্ষ। আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং অধিবাসীদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।
প্রস্তাবিত কর্তৃপক্ষের এখতিয়ার বগুড়া সিটি করপোরেশন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত থাকবে। বিলে উল্লেখ করা হয়েছে, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখে আইনটি কার্যকর হবে।
উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আরও বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমৃদ্ধির কারণে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বগুড়ায় পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি বিশেষায়িত উন্নয়ন কর্তৃপক্ষের প্রয়োজন ছিল।
বিবৃতিতে জানানো হয়, বিদ্যমান চারটি উন্নয়ন কর্তৃপক্ষ—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আদলেই প্রস্তাবিত এই কর্তৃপক্ষ গঠন করা হবে।
এর আগে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে গত ২৩ জুলাই মন্ত্রিসভা খসড়া আইনটির চূড়ান্ত অনুমোদন দেয়। প্রস্তাবিত আইনটি একটি ‘অর্থ বিল’ হওয়ায় সংসদে উপস্থাপনের আগে ত্রয়োদশ সংসদের বিশেষ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বিভাগের মাধ্যমে এ বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়।
Source: জাগো নিউজ২৪






