জয়পুরহাটে জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় সংগঠনের মান-মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সোমবার (৯ নভেম্বর) অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

জানতে চাইলে অধ্যাপক আমিনুল ইসলাম বকুল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মান-মর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মারুফ হাসান সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করেন। এতে উপস্থিত ব্যক্তিরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সভায় যা ঘটেছিল

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন মারুফ হাসান। বক্তব্যের একপর্যায়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন তিনি। এসময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়।

Source: জাগো নিউজ২৪