দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় ওই সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগের পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‘কাগজে-কলমে দায়িত্ব বণ্টনে হবে না’
আবদুস সালাম বলেন, দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় কেবল কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করলেই চলবে না। প্রতিটি সংস্থার উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
তিনি জানান, ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এ কারণে এসব এলাকায় ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মহড়া ও সচেতনতার ওপর জোর
ডিএসসিসি প্রশাসক দুর্যোগ মোকাবিলায় নিয়মিত মহড়া আয়োজন, জনসচেতনতামূলক সেমিনার এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তরুণদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেন।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরু রাস্তা, পানির সংকট এবং দোকানপাট ও হকারদের কারণে ওই এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট রাখা বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।
শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার পাশাপাশি অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নিশ্চিত করতে ধোলাইখালসহ নগরের পুকুর ও জলাধারগুলো সংরক্ষণের তাগিদ দেন আবদুস সালাম।
Source: জাগো নিউজ২৪






