ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্মাণাধীন পাঁচতলা একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সুজন (৩০) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের কাউতুলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজনের বাবার নাম জহুরুল। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা থানার বিশ্বনাথপুর গ্রামে। কাজের সুবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলী দাতিয়ারা এলাকায় ফারুক মিয়ার বাসায় থাকতেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ভবনটির পাঁচতলার ছাদে নির্মাণকাজ চলছিল। ওই সময় সুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
সহকর্মীরা বিকেল পৌনে ৪টার দিকে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source: জাগো নিউজ২৪






