চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় মবিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনবসতিপূর্ণ ভবনের মাঝখানে অবস্থিত ওই গুদামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। আগুনের শিখা ও ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়লে ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। স্থানীয় লোকজন প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করা হয় এবং রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ওই গুদামে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরা হতো। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল বলেও দাবি করেন তাঁরা।
ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ গুদাম থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আবাসিক এলাকা থেকে মবিলসহ অন্যান্য দাহ্য পদার্থের গুদাম সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আগুনের ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ।
Source: জাগো নিউজ২৪






