সরকার নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দামে বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হচ্ছে। সরবরাহে কিছুটা সংকটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যৌক্তিক দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে সরকারকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তোলেন, জ্বালানি সংকটের মধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে; সরকার নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও ৫০০ থেকে ৬০০ টাকা বেশি দাম নেওয়া হচ্ছে। একই সঙ্গে চালের দামও হঠাৎ বেড়েছে। নিত্যপণ্যের এমন মূল্যবৃদ্ধি সরকারের বাজার তদারকির ঘাটতির ফল কি না—এমন প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, বাজারে কোথাও কোথাও সরকার যে দামকে যৌক্তিক মনে করছে তার চেয়েও বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। সরবরাহেও কিছুটা সমস্যা আছে। তবে এ পরিস্থিতির দায় এড়াতে তিনি সরবরাহ সংকটের কথা বলছেন না বলে স্পষ্ট করেন।
ভর্তুকি দেওয়ার সক্ষমতা প্রায় শেষ
এলপিজির দাম বাড়ানোর পক্ষে সরকারের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার ভর্তুকি দিয়ে দাম কম রাখতে পারে। কিন্তু ভর্তুকি দেওয়ার সামর্থ্য প্রায় শেষের দিকে। এ অবস্থায় ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখলে দীর্ঘমেয়াদে তা জনগণের জন্যই ক্ষতিকর হতে পারে। তিনি জানান, আগে তিনি বলেছিলেন—গ্যাসের দাম বাড়ালেও দীর্ঘমেয়াদে তা কল্যাণ বয়ে আনবে। অর্থনীতির মৌলিক বিষয় যাঁরা বোঝেন, তাঁরা বুঝবেন, দাম কমিয়ে রাখতে গেলে যে পরিমাণ ভর্তুকি দিতে হয়, সরকারের সেই সামর্থ্য প্রায় শেষ।
জাহেদ উর রহমান জানান, সরকার আগে বিভিন্ন খাতে যে পরিমাণ ভর্তুকি দিত, তা কমে এসেছে। তাই সব ক্ষেত্রে ভর্তুকি দিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। তবে সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
বাজার তদারকি ও চালের সরবরাহ
বাজার মনিটরিংয়ের কার্যকারিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পণ্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হলে সরবরাহ ও দাম নির্ধারণে তার প্রভাব পড়ে। সরকার বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণের চেষ্টা করছে। তবে বাজার অর্থনীতিতে কেবল মনিটরিং করে সব সময় কার্যকর ফল মেলে না।
চালের দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায় হচ্ছে পণ্যের সরবরাহ বাড়ানো। এ লক্ষ্যে চালের মজুত সক্ষমতা দ্বিতীয় গুণে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে প্রয়োজনে বাজারে চালের সরবরাহ বাড়ানো হবে। পুলিশ পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেয়ে সরবরাহ বাড়িয়ে বাজারে হস্তক্ষেপ করা বেশি কার্যকর। সরকার এই উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে বলে তিনি জানান।
জাহেদ উর রহমান বলেন, সরকার নির্ধারিত যৌক্তিক দামের পরও যদি এলপিজি বেশি দামে কিনতে হয়, তাহলে বিষয়টি সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব রয়েছে।
Source: জাগো নিউজ২৪






