রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা ৫৩৪ জনকে গ্রেফতার করেছেন। একই সময়ে এসব অভিযানে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগের ২৬ জন, লালবাগ বিভাগের ৬০ জন, ওয়ারী বিভাগের ৪৮ জন, মতিঝিল বিভাগের ৫২ জন, তেজগাঁও বিভাগের ৯১ জন, মিরপুর বিভাগের ১৪৭ জন, গুলশান বিভাগের ৫০ জন এবং উত্তরা বিভাগের ৫৫ জন রয়েছেন। এ ছাড়া এসআরইউর ১ জনকে এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা ৪ জনকে গ্রেফতার করেন।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ৩টি ককটেল, ককটেলের ৩টি বিস্ফোরিত অংশ, ৬ কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ফেন্সিডিলের ১০ বোতল এবং এক হাজার টাকার ৯২৫টি জাল নোট। এ ছাড়া ৭টি মোবাইলফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

Source: জাগো নিউজ২৪