দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন খালা ও ভাগিনার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের জাকেরগঞ্জ জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহরিয়ার জাহান ইভা (৮) এবং রানা বাবুর ছেলে সালমান বাবু (৪)। পুলিশ জানিয়েছে, তাঁরা সম্পর্কে আপন খালা ও ভাগিনা ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ইভা ও সালমানসহ গ্রামের শিশুরা খেলছিল। এ সময় অসাবধানতাবশত শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে পুকুরে নামেন খালা ইভা। এতে দুজনেই পানিতে ডুবে যান।
পরে অন্য শিশুদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে মৃত অবস্থায় তাঁদের পুকুরের পানি থেকে উদ্ধার করেন। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে পরিবার ও স্বজনের মধ্যে চলছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশু সম্পর্কে আপন খালা ও ভাগিনা।
Source: জাগো নিউজ২৪






