সাংবাদিকদের সত্যের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে অপসাংবাদিকতা ও ‘ইয়েলো জার্নালিজমের’ বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
শুক্রবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন।
‘সাংবাদিকতা মানুষের আস্থার জায়গা’
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতার মধ্যেও কিছু অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজম চলে। সাংবাদিকদের স্বার্থ, সম্মান-মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের মর্যাদা ধরে রাখতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সামনে এসে কথা বলতে হবে।
‘নিজের বিরুদ্ধে গেলেও সত্য সংবাদ প্রকাশ করুন’
সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সঠিক তথ্য-উপাত্ত নিয়ে কথা বলতে ও লিখতে হবে। সেই সত্যটা প্রকাশ করতে গিয়ে যদি তা তাঁর নিজের বিরুদ্ধেও যায়, সেটাও লিখতে হবে; তাতে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।
আসাদুজ্জামান বলেন, ‘ওভারনাইট’ যদি মনে করেন যে তাঁরা সব পরিবর্তন করে ফেলতে পারবেন, সেটা যেমন সম্ভব নয়, ঠিক একইভাবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে সেটাও সাংবাদিকেরা তুলে ধরতে পারবেন।
সরকারের নয় মাসের কর্মকাণ্ড
সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটেনি, গুমের পথ ধরে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।
সংগঠনের ঐক্য ও নিজ জেলার টান
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও আহ্বান জানান তিনি।
নিজের পেশাগত জীবনের শুরুর দিকে প্রায় পাঁচ বছর সাংবাদিকতা করেছেন জানিয়ে আসাদুজ্জামান বলেন, তিনি ডেইলি স্টারের স্পোর্টস করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী হলেও ঝিনাইদহ ও শৈলকুপার প্রতি তাঁর টান সব সময় থাকবে এবং তিনি সাংবাদিকদের পাশে আছেন।
Source: জাগো নিউজ২৪






