রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ডিএমপির পক্ষ থেকে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগের ২৯ জন, লালবাগ বিভাগের ৫৮ জন, ওয়ারী বিভাগের ৭৪ জন, মতিঝিল বিভাগের ৩৯ জন, তেজগাঁও বিভাগের ৭১ জন, মিরপুর বিভাগের ১২৭ জন, গুলশান বিভাগের ২৩ জন, উত্তরা বিভাগের ৫১ জন এবং এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগের ৫ জন রয়েছেন।
অভিযানে যা উদ্ধার হয়েছে
অভিযানের সময় ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, এক হাজার ৬৩৩ পিস ইয়াবা, আড়াই গ্রাম হেরোইন, পাঁচটি মোবাইল ফোন, তিন পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্ধ ৪৭ হাজার ৯০ টাকা, দুটি বিস্ফোরিত স্মোক বোমার খোসা এবং আটটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
Source: জাগো নিউজ২৪






