রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের জন্য মাতুয়াইলে প্রায় দেড় একর জমির ওপর নতুন খেলার মাঠ নির্মাণের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার (১৮ নভেম্বর) ডেমরায় ওই কলেজের নিজস্ব খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
নতুন মাঠের পাশাপাশি উদ্বোধিত মাঠেও আলোকসজ্জা, ইন্টারনেটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, কলেজজীবনের প্রথম দুই বছর ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে পড়াশোনার পাশাপাশি নিয়মশৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর মতে, উপযুক্ত খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উপকৃত হবেন।
ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্যোগ
ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আগামী জানুয়ারি থেকে প্রতি শনিবার বিনামূল্যে বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।
এর আওতায় লালবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও আহসান মঞ্জিলসহ রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করানো হবে।
পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ে পরামর্শ
নগরীর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।
জলাবদ্ধতা ও খাল পুনরুদ্ধার
ডেমরা এলাকার জলাবদ্ধতা নিরসনে নেওয়া উদ্যোগের বিষয়ে আবদুস সালাম জানান, এলাকার খালগুলো পুনরখনন, পরিষ্কার, দখলমুক্ত ও পাড় বাঁধাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
খালের ওপর অপরিকল্পিত সেতু নির্মাণ না করে খাল পুনরুদ্ধারে সিটি করপোরেশনকে সহযোগিতা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
নাগরিকদের যাতায়াতের জন্য প্রয়োজনীয় কালভার্ট সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসন-২-এর সংসদ সদস্য শিরিন সুলতানা ও কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






