ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়ায় দিনের বেলায় একটি জুয়েলারি শোরুমে হানা দিয়ে ৩০ থেকে ৪০ কোটি রুপি মূল্যের গয়না লুট করেছে একদল সশস্ত্র ডাকাত। শোরুমের সিসিটিভি ক্যামেরায় ডাকাতির পুরো ঘটনা ধরা পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বেত্তিয়ায় সেনকো জুয়েলার্সের শোরুমে তিনটি মোটরসাইকেলে করে আটজন ডাকাত আসে। শোরুমে ঢুকেই তারা অস্ত্রের ভয় দেখিয়ে কর্মচারী ও সেখানে উপস্থিত অন্যদের নিয়ন্ত্রণে নেয়। এরপর সবার হাত বেঁধে মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতরা। কেউ যাতে বাধা দিতে না পারে বা সাহায্য চাইতে না পারে, সে জন্য সবাইকে এক জায়গায় জড়ো করে রাখা হয়। এরপর শোরুমে থাকা গয়না সংগ্রহ করে পালিয়ে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতির সময় দুজনের মাথায় আঘাত করা হয়। শোরুমের ভেতরে থাকা এক নারী জানান, চলে যাওয়ার সময় ডাকাতরা বলে যায়, ‘আমরা আবার আসব, এটা একটা সিনেমা।’

খবর পেয়ে পুলিশের ডিআইজি হরকিশোর রাই, পুলিশ সুপার কুমার গৌতম ও ডিএসপি অজিত কুমারসহ বিভিন্ন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শোরুম পরিদর্শন করেন এবং কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক হিসাবে লুট হওয়া গয়নার মূল্য ৩০ থেকে ৪০ কোটি রুপি বলে জানিয়েছে পুলিশ। তবে চুরি হওয়া গয়নার প্রকৃত মূল্য নির্ধারণের কাজ চলছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেত্তিয়ার ইতিহাসে এটি অন্যতম বড় ডাকাতির ঘটনা।

তথ্যসূত্র: এনডিটিভি (জাগো নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদন অনুযায়ী)।

Source: জাগো নিউজ২৪