যেকোনো বহিরাগত সশস্ত্র হামলার মুখে একসঙ্গে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছে তুরস্ক ও কাতার। এ লক্ষ্যে গত শুক্রবার (১৩ নভেম্বর) দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। চুক্তির উদ্দেশ্য যৌথ প্রতিরক্ষা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা। তথ্যসূত্র: রয়টার্স।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওই বৈঠকে এরদোয়ান চুক্তিতে সই করেন। দুই দেশের সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ১২তম বৈঠক শেষে এই যৌথ বিবৃতি দেওয়া হয়।

চুক্তিতে যা আছে

চুক্তি অনুযায়ী, নিজেদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে দুই দেশ পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং প্রতিরক্ষানীতি নিয়েও তারা আলোচনা করবে। পাশাপাশি যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দুই দেশের অঙ্গীকারের প্রতিফলন এই চুক্তি। আরও নিরাপদ ও স্থিতিশীল আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিও এতে তুলে ধরা হয়েছে।

উপসাগরে যুদ্ধ ঠেকাতে কাজ করার কথা এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে এবং সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি জ্বালানি খাতেও অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও কাতার। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দেশ দুটি। দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে জ্বালানি অংশীদারত্ব আরও বিস্তৃত ও বহুমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্সি। প্রতিরক্ষা শিল্পেও দুই দেশের সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আগেভাগে মক্কার চুক্তি ও পার্লামেন্টের অনুমোদন

এর আগে গত আগস্টে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। আঞ্চলিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র এই তিন সুন্নি মুসলিমপ্রধান দেশ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ওই চুক্তি করে। গত সপ্তাহে তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা পাঠানোর পথ তৈরি হয়েছে আঙ্কারার জন্য। আগস্টে সই হওয়া ওই চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্ক-কাতারের নতুন চুক্তির ক্ষেত্রেও বহিরাগত সশস্ত্র হামলার বিরুদ্ধে অভিন্ন অবস্থানের অঙ্গীকার করা হয়েছে।

Source: জাগো নিউজ২৪