খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) আওতাধীন অযোধ্যা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দে-এর ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।

যেভাবে আটক

বিজিবি সূত্রে জানা গেছে, অযোধ্যা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ২২২৬/৪ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক তিনজনকে বর্তমানে খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) সদর দপ্তরে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের বক্তব্য

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪