রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব ঘটনার মধ্যে শ্যামলী এলাকা থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
কোথায় কখন ঘটনা
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া রাত পৌনে দশটার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ের এলাকায় ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে বলে জানা গেছে।
এছাড়া বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
Source: জাগো নিউজ২৪






