দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদরাসার শৌচাগার থেকে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর শহরে অবস্থিত মাদরাতুস সুন্নাহ কওমি মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম সাফায়েত হোসেন (৮)। সে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে তাকে ওই মাদরাসায় ভর্তি করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালক মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে।
যেভাবে মরদেহ পাওয়া গেল
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মাদরাসার পরিচালক মোকাররম হোসেন শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকতে দেখেন। এরপর দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাননি তিনি।
পরে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে তিনি ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়েতকে উদ্ধার করা হয়।
দ্রুত তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেলে সাফায়েতের দাদা মাদরাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। রাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসেন।
পুলিশ যা বলছে
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম জানান, মাদরাসাশিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তিনি বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
তবে পুলিশের ধারণা, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার পরিচালককে আটক করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Source: জাগো নিউজ২৪






