হাওরাঞ্চলে বিয়ের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় নিকাহ রেজিস্ট্রারদের আয় সীমিত। এর মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে তাদের জীবিকা নির্বাহ আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলাম।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বুলবুল ইসলাম বলেন, হাওরাঞ্চলের অনেক এলাকায় বছরে নির্দিষ্ট কয়েক মাস ছাড়া বিয়ের সংখ্যা খুবই কম থাকে। কোনো কোনো এলাকায় মাসে মাত্র তিন-চারটি বিয়ে নিবন্ধনের সুযোগ পাওয়া যায়। এই আয় দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের পক্ষে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা কঠিন। এর মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে। ফলে অনেকেই এ পেশা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন।
তিনি বলেন, হাওরাঞ্চলের নিকাহ রেজিস্ট্রাররা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। সেখানে কৃষিকাজের ওপর মানুষের জীবন-জীবিকা অনেকাংশে নির্ভরশীল। বছরে একটি মাত্র ফসল উৎপাদিত হওয়ায় বিয়ের অনুষ্ঠানও নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে বেশি হয়। ফসল ওঠার পর দুই-তিন মাস কিছু বিয়ে নিবন্ধনের সুযোগ থাকলেও বছরের অন্য সময়ে কাজের পরিমাণ অনেক কম থাকে।
তিনি আরও বলেন, শহরাঞ্চলেও একজন নিকাহ রেজিস্ট্রারের মাসে পাঁচ-সাতটি কিংবা আটটি বিয়ে নিবন্ধনের সুযোগ হয়। অন্যদিকে হাওরাঞ্চলে মাসে তিন-চারটি বিয়ে নিবন্ধন করেই অনেককে সন্তুষ্ট থাকতে হয়। এ অবস্থায় একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে প্রত্যেকের কাজের সুযোগ কমে যাবে। এতে তাদের সন্তানদের লেখাপড়ার খরচসহ পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়বে।
বুলবুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগসংক্রান্ত যে গেজেট জারি করা হয়েছিল, সেই কাঠামো বহাল রাখা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, ওই গেজেটে ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ব্যবস্থা নির্ধারণ করা হয়েছিল। তাই সেই সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় নিকাহ রেজিস্ট্রারদের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, তা পরিবর্তনের আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা উচিত। বিদ্যমান নিয়োগ কাঠামো বহাল রেখে বরং নিকাহ রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং তাদের পেশাগত অবস্থান আরও সুসংহত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের দাবি সঠিক কি না, তা যাচাই করতে সরকার চাইলে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারে। প্রয়োজনে ঢাকায় সভা ডেকে সংশ্লিষ্টদের বক্তব্য শোনারও আহ্বান জানান তিনি।
নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাবে আপত্তি জানিয়ে বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন কেবল প্রশাসনিক কাজ নয়; এর সঙ্গে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তাফউইজের মতো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও বাস্তব দক্ষতা থাকা জরুরি। তাই এ পদে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন), সাধারণ সম্পাদক মাওলানা এম. এ. মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলামসহ দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি থেকে নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগের অধিক্ষেত্র বহাল রাখা, ১৯৯৩ সালের গেজেট অনুযায়ী নিয়োগ কাঠামো বজায় রাখা, কেন্দ্রীয় কর্মচারীর অংশ হিসেবে অন্তর্ভুক্তি এবং প্রস্তাবিত বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়।
Source: জাগো নিউজ২৪






