ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি। সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে মোনামি জানান, ভিডিওটি এক বন্ধুর শেয়ার করা। সেটি কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল এবং তিনি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তাঁর ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা মানুষের কাছে ব্যক্তিগত ওই পোস্ট নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে। তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’
নিজের নাচ নিয়ে তিনি বলেন, তাঁর বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট শারীরিক গঠন অপরিহার্য—এমন ধারণার ভিত্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
মোনামি উল্লেখ করেন, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন—এমন আশঙ্কা তাঁর ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান এবং ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর অনেক দিনের।
পোস্টে তিনি আরও লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তাঁর আনন্দ প্রকাশের একটি মাধ্যম। পোস্টের শেষে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’
এর আগে দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ওই ভিডিওটি সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
Source: জাগো নিউজ২৪






