চট্টগ্রামের বোয়ালখালীতে দিনেদুপুরে একটি বাসায় ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়া এলাকার জাফর টাওয়ারের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে তিন আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫৭ হাজার টাকা। বাসাটি স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মনছুর আলমের বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য শাহাজিয়ার মাহফুজ জানান, দুপুর ১২টার দিকে তাঁর মা বড় বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যান। ওই সময় তাঁর বাবা ব্যবসার কাজে বাইরে ছিলেন।
মাহফুজের ভাষ্য অনুযায়ী, দুপুর ১টার দিকে তারা বাসায় ফিরে দেখেন দরজা খোলা। ঘরের ভেতরে জিনিসপত্রও এলোমেলোভাবে পড়ে ছিল। পরে খোঁজাখুঁজি করে তাঁরা জানতে পারেন, বাসা থেকে স্বর্ণালংকার ও ব্যবসার কাজে রাখা নগদ ৫৭ হাজার টাকা চুরি হয়েছে।
তিনি বলেন, মাত্র এক ঘণ্টার ব্যবধানে চোরের দল বাসায় ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Source: জাগো নিউজ২৪






