সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পোশাকশ্রমিক মো. সেলিম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ১২ দিন পর সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে সেলিম কারখানা থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

এসআই আব্দুল গাফফার হিমেল আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের চিকিৎসকের দেওয়া মৃত্যুর সনদপত্র অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত সেলিম মাদারীপুরের কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে। তিনি আশুলিয়ার আউটপাড়া এলাকার ট্রেন্স সুজ লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন।

Source: জাগো নিউজ২৪