চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প দেশের ইস্পাত খাতের বড় একটি অংশের কাঁচামাল জোগায়। একসময় ‘ভাসমান লোহার খনি’ হিসেবে পরিচিত এই শিল্প ঘিরে গড়ে উঠেছিল কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপুল কর্মসংস্থান। কিন্তু সময়ের সঙ্গে সংকুচিত হয়েছে এর পরিধি।

শিল্পসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, একসময় এই অঞ্চলে ১২৫টির বেশি শিপইয়ার্ড থাকলেও এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে চালু আছে মাত্র ২৫টি। গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের বিপুল ব্যয়, ব্যাংকঋণ ও জাহাজ আমদানির জটিলতা, বিশ্ববাজারের মন্দা এবং শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন—এসব মিলিয়ে দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পটি অস্তিত্বের সংকটে পড়েছে।

যেভাবে শুরু, যেভাবে সংকুচিত

সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার উপকূলজুড়ে গড়ে উঠেছে দেশের জাহাজভাঙা শিল্প। ১৯৬০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ‘সি আল ফাইন’ নামের একটি জাহাজ ফৌজদারহাট উপকূলে আটকে পড়লে স্থানীয় ব্যবসায়ীরা সেটি কিনে ভাঙার মাধ্যমে এ শিল্পের সূচনা করেন। ১৯৭২ সালের পর শিল্পটির প্রসার বাড়ে এবং আশির দশকে ব্যবসা আরও জমজমাট হয়ে ওঠে।

একপর্যায়ে এ উপকূলে ১২৫টিরও বেশি শিপইয়ার্ড গড়ে ওঠে। তবে পরিবেশ ও নিরাপত্তার আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের বাধ্যবাধকতা আসার পর অনেক ইয়ার্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে চালু রয়েছে মাত্র ২৫টি ইয়ার্ড।

গ্রিন ইয়ার্ড করতে ৪০-৬০ কোটি টাকা

শিল্পসংশ্লিষ্টদের দাবি, গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর করতে ইয়ার্ডপ্রতি ৪০ থেকে ৬০ কোটি টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে; কোনো কোনো ক্ষেত্রে ব্যয় আরও বেশি। বিপুল অঙ্কের এই বিনিয়োগের সামর্থ্য না থাকায় অনেক মালিক ইয়ার্ড চালু করতে পারছেন না।

শুধু ইয়ার্ডের সংখ্যা কমেনি, কমেছে জাহাজ ভাঙার পরিমাণও। একসময় প্রতিবছর হাজার হাজার জাহাজ ভাঙা হলেও এখন বছরে দুই শতাধিক জাহাজ কাটা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে শিল্পটির সঙ্গে যুক্ত ব্যবসায়ী, শ্রমিক ও অন্যান্য পেশাজীবীর কর্মসংস্থানও সংকুচিত হয়েছে।

পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গ্রিন শিপইয়ার্ডে রূপান্তর জরুরি। এ লক্ষ্যে সীতাকুণ্ডের বেশ কিছু ইয়ার্ডে কংক্রিটের ফ্লোর, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। তবে এ রূপান্তরে বিপুল অর্থ বিনিয়োগ করতে হচ্ছে মালিকদের।

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমানে একটি গ্রিন শিপইয়ার্ড তৈরি করতে ইয়ার্ডভেদে ৪০ থেকে ৬০ কোটি টাকা খরচ হচ্ছে। একসঙ্গে এত টাকা জোগাড় করা অনেক মালিকের পক্ষে কঠিন। এর বাইরে পুরোনো জাহাজ কিনতেও বড় অঙ্কের নগদ অর্থ প্রয়োজন।

তিনি বলেন, ব্যবসায়ীরা আয় করা অর্থ কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করেন। যারা গ্রিন ইয়ার্ড তৈরি করেছেন বা করছেন, তাদের সরকার অর্থায়ন ও অন্যান্য সহযোগিতা দিলে এ শিল্প টিকে থাকবে এবং দেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারবে।

ব্যাংকঋণ ও জাহাজ আমদানিতে জটিলতা

গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের ব্যয়ের পাশাপাশি ব্যাংকঋণ পাওয়া এবং জাহাজ আমদানির প্রক্রিয়াও ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশ্ববাজারে মন্দা এবং ব্যাংকঋণের ক্ষেত্রে কঠোরতার কারণে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নিচ্ছেন বলে সংশ্লিষ্টদের দাবি।

আমজাদ হোসেন চৌধুরী বলেন, জাহাজ আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি জাহাজের ধরন অনুযায়ী এলসি খোলার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের কিছু জটিলতার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। জাহাজের ধরন ও দামের ভিন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে এলসি প্রক্রিয়া সহজ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

রাজস্ব আয়ে প্রভাবের আশঙ্কা

শিপইয়ার্ড ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন খাতের প্রতিষ্ঠানও সংকটে পড়েছে। শিপ ব্রেকিংয়ের ওপর নির্ভর করে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে শুকলালহাট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কয়েক হাজার ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। জাহাজ থেকে পাওয়া লোহা, তামা, স্টিল, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাব ও অন্যান্য সামগ্রী এসব প্রতিষ্ঠানের ব্যবসার প্রধান উপকরণ।

বিএসবিআরএর তথ্য অনুযায়ী, এ খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ কোটি টাকা রাজস্ব পেত। ইয়ার্ডের কার্যক্রম কমে যাওয়ায় রাজস্ব আয়েও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

গ্রিন ইয়ার্ডের পরও নিরাপত্তা প্রশ্নে

পরিবেশবান্ধব ইয়ার্ড গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন হলেও শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা এ খাতের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, শুধু গ্রিন শিপইয়ার্ডের সনদ অর্জন যথেষ্ট নয়; প্রতিদিনের কার্যক্রমেও নিরাপত্তাবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, পরিবেশের স্বার্থে গ্রিন শিপইয়ার্ড গড়ে তোলা জরুরি। অতীতে অনেক ইয়ার্ডে হংকং কনভেনশনের নিয়ম মানা হয়নি, এতে পরিবেশ ও মানুষের ক্ষতি হয়েছে। এখন শিপইয়ার্ড চালু রাখতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যারা গ্রিন শিপইয়ার্ড করতে পারবেন না, তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার চেষ্টা করছে সংগঠন। শিল্পটির সঙ্গে একাধিক মন্ত্রণালয় ও বাংলাদেশ নৌবাহিনী যুক্ত থাকায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

গ্রিন শিপইয়ার্ড হওয়ার পরও দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে তিনি বলেন, তিন বছর আগে গ্রিন শিপইয়ার্ডের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর আগে মৃত্যুর হার তুলনামূলক বেশি ছিল। তবে গ্রিন শিপইয়ার্ড হওয়ার পর তা কমেছে বলে তিনি দাবি করেন। নিজের ইয়ার্ডে ছয় বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও জানান মহসিন।

লোহার চাহিদার বড় অংশ আসে এ খাত থেকে

শিল্পসংশ্লিষ্টদের মতে, জাহাজভাঙা শিল্পের সংকট কাটাতে পরিবেশ ও শ্রমিকের নিরাপত্তার মানদণ্ড বজায় রাখার পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ সহজ করা প্রয়োজন। গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের জন্য অর্থায়ন, ব্যাংকঋণ ও এলসি প্রক্রিয়ার জটিলতা নিরসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জরুরি।

বিশিষ্ট শিপ ব্রোকার ও ম্যাক কর্পোরেশন শিপইয়ার্ডের স্বত্বাধিকারী মাস্টার আবুল কাসেম বলেন, দেশের লোহার চাহিদার বড় অংশ এ শিল্প থেকে পূরণ হয়। একসময় দেশের মোট লোহার চাহিদার ৮০ থেকে ৮৫ শতাংশ এ খাত থেকে সরবরাহ করা হতো। বর্তমানে তা কমে ৬০ থেকে ৬৫ শতাংশে নেমেছে বলে দাবি করেন তিনি।

তার মতে, শ্রম, পরিবেশ ও শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন নীতিমালার মধ্যে সমন্বয় না থাকলে ব্যবসায়ীরা আরও সংকটে পড়বেন। গ্রিন শিপইয়ার্ডে রূপান্তরের ব্যয়ও অনেক মালিকের সামর্থ্যের বাইরে। এ অবস্থায় সরকার সহযোগিতা না করলে শিল্পটি আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিএসবিআরএর সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, শিল্প ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীরা সমস্যা সমাধানে আন্তরিকতা দেখাচ্ছেন। সংগঠনের নতুন কমিটিও শিল্পটিকে এগিয়ে নিতে কাজ করছে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিপইয়ার্ড শিল্পের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Source: জাগো নিউজ২৪