কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে সভা করছেন—এমন অভিযোগ তুলে সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। একই সঙ্গে হলের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে নেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। প্রথম দিকে বিষয়টি তাঁরা বিশ্বাস করেননি। তবে রোববার রাতে সেখানে এ ধরনের একটি সভার প্রস্তুতির খবর পান। এরপর সোমবার তাঁরা সারদা স্মৃতি হলে গিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে হলটিতে তালা ঝুলিয়ে দেন।
জাসাস নেতাদের দাবি, সারদা স্মৃতি হলের মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)। তাই হলের চাবি সিসিকের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে। সিসিক প্রশাসক এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান জানান, তালা লাগানোর সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
Source: জাগো নিউজ২৪






