২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে তার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
গতকাল রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন মেনে গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। ওই বছরের জন্য বাংলাদেশের মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।
মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বাড়িয়েছে। একই সঙ্গে সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। তাই বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
Source: জাগো নিউজ২৪






