গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. ফরহাদ (৪১)। গত রোববার দিনগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

ফরহাদ টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, গত রোববার যথারীতি বন্দিদের গণনা শেষ করে সেলগুলো লক করা হয়। হিমেল ভবনের নিচতলার ওই সেলে ফরহাদসহ মোট তিনজন বন্দি ছিলেন। দিনগত রাতে সেলের জানালায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখতে পান তাঁর দুই সহবন্দি।

জেল সুপারের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে কারা কর্মকর্তারা ফরহাদকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সিনিয়র জেল সুপার আরও জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আনা হয়েছিল। টাঙ্গাইল মডেল থানার দুটি মামলায় দ্বৈত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি কারাগারে ছিলেন।

কারা কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে ফরহাদ তীব্র মাথাব্যথা ও দৃষ্টিজনিত বিভ্রমসহ কয়েকটি সমস্যায় ভুগছিলেন। এর আগে একাধিকবার কারা হাসপাতালে তাঁর চিকিৎসা নেওয়া হয়েছিল।

Source: জাগো নিউজ২৪