কুমিল্লা সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় মানব পাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ বিজিবি ও ৬০ বিজিবি এসব অভিযান পরিচালনা করে।

আটক ভারতীয় নারীর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।

আটক ছয় মানব পাচারকারী হলেন—ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০) এবং নারায়ণপুর গ্রামের আপন (৩৩)। অপরজন কুমিল্লার হরিপুর এলাকার শরিফুল ইসলাম (৩৩)।

আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তাঁর বাড়ি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথরে।

যেভাবে অভিযান

বিজিবি জানায়, সোমবার (১৬ নভেম্বর) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

ব্রাহ্মণপাড়া, সালদানদী, শশীদল ও বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

‘অভিযান অব্যাহত থাকবে’

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কাজ করছে।

এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে বলে তিনি জানান। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪