বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনকে হত্যার হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ঢিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পোস্টে গোল্ডি ঢিলন দাবি করেন, দিল্লি পুলিশ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করলেও মুম্বাইয়ে অমিতাভ বচ্চনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা থামেনি। তাঁর দাবি, মুম্বাইয়ে তাঁর প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছেন এবং তাঁরা হামলার জন্য প্রস্তুত।
তবে ওই পোস্টের সত্যতা এবং এতে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পোস্টে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়েছে, তাদের নিরাপত্তায় বুলেটপ্রুফ কাচ ব্যবহার করলেও হামলা ঠেকানো যাবে না। তারা যত বুলেটপ্রুফ কক্ষই তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ছাড়া পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ তুলে গোল্ডি ঢিলন দাবি করেন, ওই সহিংসতার জন্য দায়ীদের কখনো ক্ষমা করা হবে না। তিনি আরও হুঁশিয়ারি দেন, বিশ্বের যেখানেই থাকুক, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ব্যক্তিদের জবাবদিহির মুখোমুখি করা হবে।
দিল্লি পুলিশের গ্রেপ্তার
দিল্লি পুলিশের স্পেশাল সেল শনিবার (১৪ নভেম্বর) লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই কথিত বন্দুকধারীকে গ্রেপ্তার করে। তারা হলেন পাঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং তরন তারনের বাসিন্দা দীপক সিং ওরফে ডিপ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এই দুই ব্যক্তি দিল্লির এক ব্যবসায়ী ও অমিতাভ বচ্চনকে ঘিরে দুটি পৃথক, তবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন পরিকল্পনায় যুক্ত ছিলেন।
পুলিশের অভিযোগ, দিল্লিতে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বিকাশ ঠাকুরকে। এ কাজের জন্য তিনি মুম্বাই থেকে দিল্লিতে গিয়েছিলেন। পরে দীপক সিংও তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল।
তদন্তকারীদের ধারণা, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে তারা জড়িত থাকতে পারে। একই সঙ্গে দিল্লির এক ব্যবসায়ীকে লক্ষ্য করে চাঁদাবাজির উদ্দেশ্যে হামলার আরেকটি পরিকল্পনার তথ্যও এই গ্রেপ্তারের সূত্রে সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা জোরদার
এর আগে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন জলসায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর তাঁর নিরাপত্তা জোরদার করা হয়।
নিরাপত্তাব্যবস্থার পরিবর্তন অমিতাভের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সময়ও চোখে পড়ে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে বাড়ির বাইরে এসে ভক্তদের অভিবাদন জানান এই অভিনেতা।
গত ১ নভেম্বরও তিনি ভক্তদের সামনে হাজির হন, তবে সেদিন তাঁকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায়। সাধারণত বাড়ির বাইরে চাকার ওপর বসানো একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। এতে দূরে থাকা লোকজনও তাঁকে দেখতে পান। কিন্তু ১ নভেম্বর ওই মঞ্চের তিন দিক কাচ দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সুরক্ষিত ওই কাঠামোর ভেতর থেকেই ভক্তদের অভিবাদন জানান তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি
Source: জাগো নিউজ২৪






