দুবাইয়ে কাজ করতে গিয়ে পরিচয়, সেই পরিচয় থেকে গড়ে ওঠা প্রেম—এরপর আদালতে বিয়ে করে সংসার শুরু। এই সম্পর্কের টানেই ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে উঠেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। ভিনদেশি এই নববধূকে একনজর দেখতে প্রতিদিনই তাঁর বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
জানা যায়, অশ্বিনীর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে ২০২১ সালের শেষ দিকে তিনি দুবাই যান এবং সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর ওই একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজের সুবাদে দুজনের পরিচয় হয়, যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মাসুদ রানা জানান, পরস্পরকে ভালোবেসে তাঁরা দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর একসঙ্গে সংসার করেছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। এরপর ভারত থেকে বাংলাদেশে এসে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ভালো লাগা, পরে তা ভালোবাসায় পরিণত হয়। দুজনের পছন্দের ভিত্তিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাঁর পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আপন করে নিয়েছেন।
শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ বলে উল্লেখ করেন অশ্বিনী। তিনি জানান, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।
মাসুদ রানার মা জানান, বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তাঁরা।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






