সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিংবা সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)। বরং স্থানীয় সরকার নির্বাচন কিছু ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে কমিশনের ধারণা।
আজ সোমবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, ইউপি নির্বাচনের ধাপ ও কোন ধাপে কতটি ইউনিয়ন থাকবে, তা নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেগুলো পরে সমন্বয় করার সুযোগ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে আনুমানিক ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় প্রায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা আছে।
আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা থেকেই কোন ইউনিয়নে কত তারিখে ভোট হবে, তা জানা যাবে বলে তিনি জানান।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে তাদের নিবন্ধনের ক্রমানুসারে আমন্ত্রণ জানানো হবে। মূলত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টিই দলগুলোর সঙ্গে আলোচনায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের আগেই তিন দিনব্যাপী এই সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে কমিশনের।
তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। ২১ জানুয়ারি থেকে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা
স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাপানোর কাজে সাময়িক সফটওয়্যার জটিলতা দেখা দিয়েছে বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে সমস্যা হচ্ছে। বিষয়টি শনাক্ত করে সমাধানের চেষ্টা চলছে।
তবে এতে এনআইডি সেবা বন্ধ হয়নি বলে তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, কারও এনআইডি সংশোধনের আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ওয়েবসাইট থেকেই তা প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন। শুধু স্মার্ট কার্ড ছাপানোর কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই স্মার্ট কার্ড ছাপানোর কাজে চুক্তি-সংক্রান্ত জটিলতা রয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে এই সমস্যা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। এর মধ্যে একটি অডিট আপত্তিও নিষ্পত্তি হয়নি। এসব বিষয় কীভাবে সমাধান করে কাজ চালিয়ে নেওয়া যায়, তা নিয়ে কমিশন আলোচনা করেছে। জাতীয় সেবা হওয়ায় এই কাজ বন্ধ রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
ইভিএম নিষ্পত্তি গাজীপুর থেকে শুরু
আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে গঠিত কমিটির অগ্রগতি কমিশন সভায় পর্যালোচনা করা হয়েছে বলে জানান সানাউল্লাহ।
তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এই কার্যক্রম গাজীপুর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে, কারণ সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত আছে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, ইভিএম নিষ্পত্তিতে একাধিক পদ্ধতি রয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর কোন পদ্ধতি গ্রহণ করা হবে, তা নির্ধারণ করা হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেরও সংশ্লিষ্টতা রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির ক্ষেত্রেও বিবেচনায় রাখা হচ্ছে।
এনআইডি সেবা নিয়ে কর্মশালা
এনআইডি সেবা নিয়ে একটি কর্মশালা আয়োজনের কথা জানিয়ে তিনি বলেন, এনআইডি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা এবং সেবা প্রদানের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাইরের যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই এই কর্মশালার উদ্দেশ্য।
Source: জাগো নিউজ২৪






