রাঙ্গামাটির কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুরুষ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ। নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন একই বাহিনীর মুক্তি খাতুন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
যেভাবে হলো প্রতিযোগিতা
দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা ২০ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক রাঙ্গামাটি জেলা থেকে দুজন সাঁতারু ছিলেন।
কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় বিএফডিসি ঘাঁট এলাকায়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
পুরুষ বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। নারী বিভাগে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হয়েছেন একই বাহিনীর পলি খাতুন।
পুরস্কার ও সমাপনী
প্রতিযোগিতা শেষে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এছাড়া সফলভাবে সাঁতার শেষ করা প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা প্রশাসক, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিভা খোঁজার উদ্যোগ
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলতে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। এই ধারাবাহিকতায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।
এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান সাঁতারুদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে নৌবাহিনীর।
Source: জাগো নিউজ২৪






