বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার প্রস্তাবও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এ বিষয়ে আলোচনা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের মধ্যে দ্বিপাক্ষিক ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চান মন্ত্রী। বিশেষ করে পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে সহযোগিতা চাওয়ার কথা তিনি উল্লেখ করেন।
‘সমুদ্রসৈকত থেকে ইকো-ট্যুরিজম’
বৈঠকে বাংলাদেশের পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরেন এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব পর্যটন আকর্ষণ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
জবাবে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাব
এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দেন শাইখা আল নুয়াইস। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পর্যটনমন্ত্রী। জবাবে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।
একই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরায় ইউএন ট্যুরিজমের মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী।
Source: জাগো নিউজ২৪






