চুয়াডাঙ্গায় ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনের কেবিনে ঢুকে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে ট্রেনটির লোকোমাস্টার (চালক) নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ২০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনের আগে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা আহত দুজনের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় নিয়ে পালিয়ে যায়।

আহত লোকোমাস্টার নজরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী খালি বিটিও ট্যাংকার (পিএসআইকে ৬ ডাউন) ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনা হল্ট স্টেশনের আগে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। তাঁরা তখন খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ট্রেনের লোকোমোটিভে ঢোকার চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তিনি ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন আহত হন। পরে দুর্বৃত্তরা তাঁদের দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

নজরুল ইসলাম আরও জানান, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়েছে এবং এখন সেখানেই রয়েছে। তাঁরা ঈশ্বরদীতে ফিরে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানেই অবস্থান করছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ঘটনার বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে ঢুকে চালকদের ওপর এমন সশস্ত্র হামলা ও ডাকাতির ঘটনায় রেলওয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪