ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগের নামে একটি চক্র প্রতারণা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এবং ভুয়া নিয়োগপত্রও বিতরণ করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ধরনের প্রতারণা থেকে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে একটি প্রতারক চক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। চক্রটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং ভুয়া নিয়োগপত্র দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিতরণ করা নিয়োগপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশী ও সর্বসাধারণকে কোনো ব্যক্তি বা চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্যসহ ব্যক্তিগত বা সংবেদনশীল কোনো তথ্য অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন আরও জানায়, তাদের সব নিয়োগ কার্যক্রম সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন হয়। নিয়োগ বিজ্ঞপ্তি কেবল প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকেও অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিয়োগের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Source: জাগো নিউজ২৪